জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেরিনার্স বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছিল ২০১০ সালের ৭ ডিসেম্বর। নগরের বহদ্দারহাট মোড় থেকে কর্ণফুলী নদী পর্যন্ত চাক্তাই খালের পাশে এ সড়ক নির্মাণ করা হবে। সোয়া তিন কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির জন্য জমি অধিগ্রহণ করার কথা ছিল ২ দশমিক ৫৪ একর।
সিটি করপোরেশন ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ করতে না পারায় এ খাতে ব্যয় প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৮৬ কোটি ৩২ লাখ টাকায়। উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ওই পরিমাণ বরাদ্দ না থাকায় পুরো প্রকল্প বাস্তবায়নের চিন্তা বাদ দিয়েছে সিটি করপোরেশন। এখন ৪৫ কোটি ৭০ লাখ টাকায় জমি অধিগ্রহণ করে আংশিক প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এই দামে অধিগ্রহণ করা হচ্ছে ১ দশমিক ৫৪ একর জমি। ডিপিপি অনুযায়ী, ৩ দশমিক ২৫২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করার কথা থাকলেও এখন তা হবে দেড় কিলোমিটার।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনকে তিন কিস্তিতে ৪৫ কোটি ৭০ লাখ টাকা দেওয়া হয়। জেলা প্রশাসন এখন পর্যন্ত অধিগ্রহণের জমি বুঝিয়ে দিতে পারেনি। ফলে প্রকল্পের কাজও শুরু হয়নি। এর মধ্যে প্রকল্প বাস্তবায়নে এক দফা সময় বৃদ্ধি করে ২০১৫ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নগরের জলাবদ্ধতা ও যানজট নিরসনে ‘বহদ্দারহাট মোড় হতে কর্ণফুলী নদী পর্যন্ত মেরিনার্স বাইপাস সড়ক উন্নয়নসহ ডাইভারশন খাল ও সন্নিহিত খালসমূহের পুনর্বাসন’ নামে এই প্রকল্প নেওয়া হয়েছিল। প্রকল্প ব্যয় ধরা হয় ৫৭ কোটি টাকা।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মুনিরুল হুদা প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনকে কিস্তিতে টাকা দেওয়া হলেও তারা তখন জমি অধিগ্রহণ করেনি। সম্পূর্ণ টাকা দেওয়ার পর তারা জমি অধিগ্রহণ শুরু করে। এই কার্যক্রম যখন শুরু করে, তখন জমির মৌজা দর অনেক বেড়ে যায়। ফলে জমি অধিগ্রহণ ব্যয় প্রায় দ্বিগুণ বেড়েছে। জেলা প্রশাসন যখনই যে টাকা পেয়েছে, তা দিয়ে জমি অধিগ্রহণের কাজ শুরু করলে প্রকল্প ব্যয় কমার পাশাপাশি বাস্তবায়নের কাজ অনেক এগিয়ে যেত।
প্রকৌশলী মুনিরুল হুদা বলেন, ভূমি অধিগ্রহণ ব্যয় বেড়ে যাওয়ায় এখন পুরো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। আপাতত চাক্তাই খালের পাশে বহদ্দারহাট থেকে চকবাজার পর্যন্ত দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করা হবে। পরবর্তী সময়ে সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া গেলে বাকি সড়ক নির্মাণ করা হবে। এ জন্য নতুন করে ডিপিপি তৈরি করার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণের জন্য সিটি করপোরেশন প্রয়োজনীয় টাকা দিতে না পারায় এখন তিনটি মৌজার জমি অধিগ্রহণ করা হবে। বাকি দুটি মৌজার জমি বাদ দিতে হচ্ছে। সময়ক্ষেপণের বিষয়ে তিনি বলেন, এই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয় লোকজনের বিভিন্ন মামলা-মোকদ্দমা ও আপত্তি ছিল। এসব বিষয়ে শুনানি ও মীমাংসা করতে কিছুটা সময় লেগেছে।