ভূমি অফিসে আগুন, ছয় জেলায় ৪৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে ভোলার দৌলতখান উপজেলায় একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাগজপত্র পুড়ে গেছে। রাজশাহীতে ক্ষমতাসীন দলের একজন সাংসদের বাণিজ্যিক প্রতিষ্ঠানেও বোমা হামলা হয়েছে।
গতকাল রোববার ছিল অবরোধের ৬৯তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুদিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ এ পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১২১ জন, আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২১টি যানবাহনে ও ভাঙচুর করা হয়েছে ৬৫৭টি।
নাশকতায় জড়িত থাকার সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ছয় জেলা থেকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে ৪৮ জন। তাঁদের অধিকাংশই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী।
ঢাকার বাইরের চিত্র: ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বাংলাবাজার-সংলগ্ন অফিসটিতে আগুন লাগানোর ঘটনায় গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। স্থানীয় লোকজন গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজশাহীর ব্যস্ততম নিউমার্কেট এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর নির্মাণাধীন বহুতল বাণিজ্যিক ভবন ‘থিম ওমর প্লাজা’র অফিসের ফটকে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শনিবার রাত আটটার দিকে দুর্বৃত্তরা অফিসের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় সাংসদ সেখানে ছিলেন না। কিছু কর্মচারী থাকলেও হতাহতের ঘটনা ঘটেনি। আতঙ্ক সৃষ্টি করতে হরতাল-অবরোধের সমর্থকেরা এ বোমা হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনে গতকাল সকালে দুটি পটকা ফাটিয়েছে দুর্বৃত্তরা। প্রধান শিক্ষক মোহাম্মদ রিজুয়ান জানান, বিদ্যালয়ের পেছন থেকে এই পটকা ছোড়ে দুর্বৃত্তরা। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আটক-গ্রেপ্তার: সাতক্ষীরায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে নাশকতা ঘটানোসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে নগরের হড়গ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ইফতে খায়ের আলম দাবি করেন, তাঁর নামে নাশকতার একাধিক মামলা আছে। এ ছাড়া তাঁর নির্দেশেই জেলায় নাশকতা চালানো হচ্ছিল। তিনি ওই এলাকায় আত্মগোপন করে ছিলেন।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দুইটার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন একটি খাবার হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানার গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। মোহাম্মদ আলী বিএনপির জেলা কমিটির একজন সদস্য।
কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ইমতিয়াজ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ফাঁসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক। গতকাল দুপুরে উপজেলা পরিষদের চত্বর থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদকে গতকাল সকালে শহরের হাসননগর এলাকা থেকে আটক করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ছাতকে বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পৌর ছাত্রদলের সভাপতি মাজহারুল হককে গতকাল দুপুরে দরগা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ জানুয়ারি পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]