ভূমি অফিসের দুই কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি মামলায় ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ভূমি অফিসের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন কেরানীগঞ্জের রুহিতপুর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ও ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবদুল মালেক হাওলাদার।
দুদক সূত্র জানায়, কেরানীগঞ্জ থানাধীন আতাশুর মৌজার আরএস ১৩৩ ও ১২৭ নং দাগের ১ দশমিক ২৩ একর সম্পত্তি নামজারি ও জমা খারিজ করে আলাদা খতিয়ান খোলার অপরাধে গত ২৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা (নম্বর ২৮) করে। মামলায় তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১–এর উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন তাঁদের গ্রেপ্তার করেন।