ভূমি অফিসের দুই কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ভূমি অফিসের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে। গ্রেপ্তার দুজন হলেন ওই অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ও ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবদুল মালেক হাওলাদার। দুদকের সূত্র বলেছে, আতাশুর মৌজার ১ দশমিক ২৩ একর সম্পত্তি নামজারি ও জমা খারিজ করে আলাদা খতিয়ান খোলার অভিযোগে গত ২৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।