সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আগের তুলনায় অনেকটা বেড়েছে। তবে ভূমি ও সাবরেজিস্ট্রি কার্যালয়সহ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে হয়রানিসহ নানা অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুর্নীতি প্রতিরোধে ফলোআপ গণশুনানিতে অংশ নিয়ে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন।
গতকাল সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ফলোআপ গণশুনানির আয়োজন করা হয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার ও আশুলিয়ার সাবরেজিস্ট্রি কার্যালয়, সাভার উপজেলা ভূমি কার্যালয়সহ আমিনবাজার ও আশুলিয়া সার্কেলের রাজস্ব শাখাসহ পল্লী বিদ্যুৎ গণশুনানিতে অংশ নেয়। সাভারের সেটেলমেন্ট কার্যালয়ের কর্মকর্তারা শুনানিতে অংশ নেওয়ার কথা থাকলেও তাঁরা আসেননি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত শুনানিতে সহায়তা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি), সাভারের সচেতন নাগরিক কমিটি (সনাক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
শুনানিতে অংশ নিয়ে সাভারের আড়াপাড়ার তমা খন্দকার বলেন, চার বছর আগে তিনি একটি মিটারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করেছিলেন। মিটার না দিয়ে নানা অজুহাতে তাঁকে হয়রানি করা হয়েছে। পরে নতুন করে আবেদন করার পর তিনি মিটার পেয়েছেন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ করেন সোহরাব উদ্দিন খান নামের এক নাগরিক। তিনি চার বছর আগে মিটারের আবেদন করেও পাননি।
দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে শুনানিতে উপস্থিত জিএম সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, তমা খন্দকার এ বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ না করায় বিষয়টি তাঁর জানা ছিল না। চার বছরেও কেন তাঁকে মিটার দেওয়া হয়নি, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসির উদ্দীন আহমেদ উভয় পক্ষের কথা শুনে সৈয়দ ওয়াহিদুল ইসলামকে সতর্ক করেন এবং সোহরাব উদ্দিন খানের সমস্যা সমাধানের নির্দেশ দেন।
সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাহার উদ্দিন বলেন, তাঁর কিছু জমি তিনি মেয়ের জামাইকে সাফকবলা দলিল করে দিয়েছেন। সেই জমির নামজারির আবেদন করা হলে সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে তা খারিজ করে দেওয়া হয়। অথচ তাঁর নামে ওই জমির নামজারি করা ছিল। এর আগে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর গণশুনানিতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে অভিযোগ করার পর সাভারের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো সেই জমির নামজারি হয়নি।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাভারের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান বলেন, ভুলক্রমে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হওয়ায় নামজারির আবেদন খারিজ হয়েছিল। সংশোধনের জন্য জেলা প্রশাসকের দপ্তরে নথি পাঠানো হয়েছে। সংশোধন করে গেজেট প্রকাশিত হওয়ার ২১ দিনের মধ্যে নামজারি করে দেওয়া হবে।
কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেন, গত দুই বছরে সাভারের কিছুটা উন্নতি হয়েছে। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এর প্রমাণ পাওয়া গেছে। এই অবস্থা যাতে ধরে রাখা যায় সে বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সেটেলমেন্ট কার্যালয়সহ কিছু দপ্তরের বিরুদ্ধে অভিযোগ আছে। আশুলিয়া সাবেক সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাঁকে আইনের মুখোমুখি করা হবে।
এর আগে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর সাভারে গণশুনানির আয়োজন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক) ও টিআইবি।