দাঁতের ব্যথায় কাতর আট বছরের শিশু রোহানুজ্জামান সিরিঞ্জ দেখে ভয়ে কান্না শুরু করে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চর-থাপড় মেরে চুল ধরে টানাহেঁচড়া করে চেতনানাশক ইনজেকশন দেওয়ার চেষ্টা করেন।
গণশুনানিতে অংশ নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ করেন শিশুটির মা রুমা আক্তার। এসব কথা বলার একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
রুমা বলেন, মাস খানেক আগে তিনি ছেলেকে নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু চিকিৎসকের আচরণে ক্ষুব্ধ হয়ে পরে তিনি বেসরকারি একটি হাসপাতালে গিয়ে ছেলের চিকিৎসা করান। ওই হাসপাতালের চিকিৎসক তাঁর ছেলেকে আদর করে চিকিৎসাসেবা দেন।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি দুই দিনব্যাপী তথ্যমেলারও আয়োজন করা হয় উপজেলা চত্বরে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুনানিতে সহায়তা করে সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার ও আশুলিয়ার সাব-রেজিস্ট্রি কার্যালয়, সাভার উপজেলা ভূমি কার্যালয় এবং আমিনবাজার ও আশুলিয়া সার্কেলের রাজস্ব শাখা গণশুনানিতে অংশ নেয়। এতে অংশ নিয়ে মোট ৩৯ জন নাগরিক তাঁদের বক্তব্য তুলে ধরেন। এর মধ্যে ২৩ জন ভূমিসম্পর্কিত, সাতজন সাব-রেজিস্ট্রি কার্যালয়-সংক্রান্ত ও নয়জন স্বাস্থ্যসেবা বিষয়ে নানা হয়রানির চিত্র তুলে ধরেন। নাগরিকদের অভিযোগ শোনার পর জবাব দেন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সাভারের গেন্ডা এলাকার আবুল হাসনাত অভিযোগ করেন, গত রমজান মাসে তাঁর স্ত্রী মুন্নি আক্তার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ চিকিৎসকের কাছে যান। কিন্তু ওই চিকিৎসক তাঁকে সেবা না দিয়ে পরে যোগাযোগ করতে বলেন। এর প্রতিবাদ করায় ওই চিকিৎসক তাঁর স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। খবর পেয়ে তিনি (হাসনাত) হাসপাতালে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে ওই চিকিৎসক তাঁর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হাসপাতাল থেকে বের করে দেন। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শুনানিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেফালিকা দাস এবং আবাসিক চিকিৎসক আমজাদুল হক।
সাভার ব্যাংক কলোনির আবদুল হাকিম বলেন, তাঁর ১২ শতাংশ জমির নামজারির জন্য আবেদন করেন সাভার উপজেলা ভূমি কার্যালয়ে। ওই দপ্তরের একজন জরিপকারী (সার্ভেয়ার) মিথ্যা অভিযোগে তাঁর আবেদন নামঞ্জুর করেন। পরে নামজারি করে দেওয়ার বিনিময়ে তাঁর কাছে ৫০ হাজার টাকা ঘুষ চান।
এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাহাদ পারভেজ বসুনিয়া।
সাভার ও আশুলিয়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন গেন্ডার শহীদুল ইসলাম ও ডেন্ডাবরের রহিম উদ্দিন আহমেদ। এ সময় শুনানিতে উপস্থিত সাভারের সাব-রেজিস্ট্রার এসকেন্দার আলী ও আশুলিয়ার গাজী আবদুল করিম তা খণ্ডনের চেষ্টা করেন।
গণশুনানিতে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেন, জনগণকে সচেতন করে তাঁদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হচ্ছে। সিস্টেমের কোথায় গলদ আছে, তা খতিয়ে দেখতে এটা পরীক্ষামূলক আয়োজন। গতকালের শুনানিতে নাগরিকদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এসব অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হবে এবং দুদকের পক্ষ থেকে তা তদারক করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণে আজকের এই গণশুনানি। সামাজিক দায়বদ্ধতার হাতিয়ার হিসেবে এই গণশুনানি আরও বেশি করে হলে এর কার্যকারিতা ও সুফল জনগণ পাবে। তিনি বলেন, বাংলাদেশ অনেক সমস্যার মুখোমুখি একটি দেশ। তাঁর মধ্যে উল্লেখযোগ্য সুশানের চ্যালেঞ্জ বা দুর্নীতি প্রতিরোধ। কিন্তু এত সমস্যা সত্ত্বেও আমরা অনেক উন্নয়নশীল দেশের চেয়ে বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক অর্জন করেছি। এই অর্জনটা আরও বেশি হতে পারত, যদি আমরা সুশাসন ও দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারতাম।