ভূমি কর্মকর্তাকে মারধর করলেন আ.লীগ নেতা
কুষ্টিয়া আদালত চত্বরে মামলার বাদী উপসহকারী ভূমি কর্মকর্তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমানকে মারধর করেন কুষ্টিয়া আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি শরীফ উদ্দিন রিমন। শরীফ জেলার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তবে মারধরের বিষয়টি প্রথম আলোর কাছে পুরোপুরি অস্বীকার করেছেন শরীফ উদ্দিন।
ঘটনার পরপরই ওই ভূমি কর্মকর্তা জেলা প্রশাসক মো. জহির রায়হানের কাছে গিয়ে মৌখিকভাবে ঘটনার বর্ণনা দেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। ঘটনা শোনার পর জেলা প্রশাসক নিয়মিত মামলা করার নির্দেশ দেন।
সদর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার শংকরদিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) ও ভূমি অফিসের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে ভূমি সেবা নিতে জালিয়াতির চেষ্টা করেন। বিষয়টি জানার পর গত ৮ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ ব্যাপারে মিজানুর রহমান বাদী হয়ে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা করেন। পরে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এদিকে মামলাটি কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের হাকিম মুহ. মাসুদুজ্জামানের আদালতে বিচার শুরু হয়।
উপসহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতকাল বেলা ১১টায় তিনি এসি ল্যান্ডসহ ভূমি কার্যালয়ের অন্য কর্মকর্তাদের মূল স্বাক্ষরসংবলিত কাগজপত্র আদালতের বিচারকের কাছে দেখান। এ সময় বিচারক কাগজপত্র দেখে আসামিকে জামিন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠান।
মিজানুর রহমান বলেন, ‘আদালতে সাক্ষ্য দিয়ে বের হওয়ার পর সেখানে শরীফ উদ্দিন বলেন, মূল কাগজপত্র দেখিয়ে আসামিকে জেল দিলেন। আমি বলি জেল তো স্যারের (বিচারক) বিষয়; আমার বিষয় না। এ কথা বলার পর হাত ধরে টানাহেঁচড়া ও মারধর করেন তিনি। এ সময় আমার ভাই ঠেকাতে গেলে শরীফ শুয়োরের বাচ্চা বলে গালি দেন এবং বলেন, গায়ে কালো কোট না থাকলে তোকে মেরে ফেলতাম। এই বলে আমাকে তাড়া করেন। আমাকে কিলঘুষি ও লাথি মারেন। এরপর সেখান থেকে চলে এসে বিষয়টি জেলা প্রশাসককে জানাই।’
বেলা একটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে গিয়ে দেখা যায়, মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে জেলা প্রশাসকের কাছে ঘটনার বর্ণনা করছেন। এ সময় জেলা প্রশাসক নিয়মিত মামলা করার জন্য তাঁকে নির্দেশ দেন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তাফা কামাল বলেন, মামলার এজাহার লেখা হচ্ছে। সরকারি কর্মকর্তাকে মারধর ও কাজে বাধাদানের বিষয়টি খুবই দুঃখজনক।
সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) হাফিজ আল আসাদ বলেন, ‘ঘটনার পরপরই মিজানুর রহমান কান্নাকাটি করতে করতে আমাকে মুঠোফোনে বিষয়টি জানান। এর আগে সকালে আমার মূল স্বাক্ষরের কাগজপত্র তাঁকে দিয়ে আদালতে পাঠিয়েছিলাম।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শরীফ উদ্দিন রিমন বলেন, ‘মিজানুর রহমান আদালত থেকে বের হলে তাঁর প্রশংসা করে বলি, মূল কাগজপত্র দেখিয়ে আপনি একজনকে জেল দিয়ে দিলেন। এ কথা বলার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে আমার কথায় ভুল বুঝে তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’