ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতাউর রহমানের বিরুদ্ধে প্রায় ১১ একর খাসজমি ব্যক্তিমালিকদের নামে রেকর্ডভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এলাকার ভূমিহীন মানুষদের পক্ষে গত ২৫ জুলাই ভূমিসচিব বরাবর লিখিত অভিযোগ করেন।
জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টির তদন্ত চলছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে ভূমি আপিল বোর্ড (২-৫৫ /৯৮ নম্বর মামলা) পোরশার নিতপুরের বাসিন্দা মৃত যমুনা প্রসাদ ভগদ নামের এক ব্যক্তির ১ হাজার ১০০ বিঘা জমি খাসখতিয়ানভুক্ত ঘোষণা করে। এসব খাসজমি পোরশা, সাপাহার ও পত্নীতলার বিভিন্ন মৌজায় অবস্থিত। পত্নীতলার কৃষ্ণপুর ইউনিয়নের মহেষপুর মৌজার আরএস ৬১৩ নম্বর খতিয়ানের ১০ একর ৭৪ শতক (৩২ বিঘা ৮ শতক) জমি স্থানীয় ভূমিহীন ২৬ জন ব্যক্তি ইজারা নেওয়ার জন্য ২০০৫ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। ইজারা না পেলেও ওই ভূমিহীন ব্যক্তিরা ২০০৫ সাল থেকে জমিগুলো ভোগদখল করছিলেন। কিন্তু ২০১৬ সালের অক্টোবর মাসে পত্নীতলার মহেষপুর গ্রামের আশরাফ আলী ও আবদুস সালাম, তকিপুর গ্রামের শরিফুল ইসলাম ও আবদুল জব্বার, উষ্টি গ্রামের সুরেন কুমার এবং সাপাহারের করলডাঙ্গা গ্রামের আবদুল কাদের ওই সব জমি তাঁদের রেকর্ডভুক্ত বলে ভূমিহীনদের উচ্ছেদ করে দেন। কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান প্রায় ৬০ লাখ টাকা উৎকোচের বিনিময়ে জালিয়াতি করে ওই ১০ একর ৭৪ শতক জমি ছয় ব্যক্তির নামে খারিজ করে দেন।
এ বিষয়ে আতাউর মুঠোফোনে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা নেই। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও সরেজমিন তদন্ত করে ওই সব জমি বিভিন্ন ব্যক্তির নামে খারিজ করা হয়েছে। কোনো খাসজমি মালিকানায় রেকর্ডভুক্ত করা হইনি। অভিযোগকারী মোহাম্মদ আলী শুধু আমার বিরুদ্ধে নয়, এর আগে অন্য সরকারি কর্মকর্তাদের হয়রানি করার জন্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তদন্ত করে যার কোনো সত্যতা পাওয়া যায়নি। অভিযোগ করাই উনার কাজ।’
পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এর প্রতিবেদন শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’