ভূমি কর্মকর্তার সই জালের অভিযোগ, গ্রেপ্তার ১
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) তিনজনের সিল ও সই জালিয়াতির ঘটনায় গত বুধবার মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে গত বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল আউয়াল খন্দকার (৫১)। তাঁর বাড়ি কেন্দুয়া পৌরসভার দিগদাইর এলাকায়। তাঁর বিরুদ্ধে জাল দলিল তৈরি ও তা ব্যবহার করার অভিযোগে মামলা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, আবদুল আউয়াল খন্দকার জমির নামজারি ও জমা খারিজের বিভিন্ন সরকারি ফরম নকল এবং এসব কাগজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুস সালাম চৌধুরী, কান্দিউড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম আকন্দ ও সাবেক কানুনগো মেজবাহ্ উদ্দিনের সিল ও সই জাল করেন। তিনি ঋণের জন্য এসব কাগজ উপজেলা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দাখিল করেন। গত মঙ্গলবার উপজেলা ভূমি কার্যালয়ে এসব কাগজ যাচাই করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
আবদুস সালাম চৌধুরী বলেন, সিল ও সই জাল করে ভুয়া জমা খারিজ তৈরির এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর কারও বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।