দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) তিন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে মামলা হয়েছে। মামলার বাদী উপজেলার ঘাসি পাড়ার শাহনেওয়াজ ১ জুলাই ওই তিন কর্মকর্তার নামে মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বরাবর অভিযোগটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পাঠিয়েছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, শাহনেওয়াজের কাছে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, পৌর ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল হোসেন ও সদরের কানুনগো ছায়ফুল আলম ৪ লাখ টাকা ঘুষ দাবি এবং খাজনার কথা বলে ২৬ হাজার ১৫৮ টাকা ঘুষ নিয়েছেন।
আরজি সূত্রে জানা গেছে, শাহনেওয়াজের বাবা দিনাজপুর শহরের চৌরঙ্গী সিনেমা হলের মালিক ছিলেন। তাঁর মৃত্যুর পর ওয়ারিশদের নামে এ জমির রেকর্ড হয় ও তাঁরা জমির খাজনা প্রদান ও ভোগদখল করে আসছেন। গত ১৭ জুলাই তাঁদের খাজনা বাতিলের চিঠি দেওয়া হয়। বিভিন্ন সময় সহকারী কমিশনার (ভূমি) ও তাঁর পক্ষে কানুনগো ও ভূমি সহকারী কর্মকর্তা ঘুষের ৪ লাখ টাকা প্রদানে চাপ দিতে থাকেন। ঘুষ না দিলে ওই সম্পত্তি খাস করার হুমকি দেন।
বাবুল হোসেন ঘুষের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রংপুর উপবিভাগীয় কমিশনারের কাছ থেকে তারা খাজনা গ্রহণের আদেশ নিয়ে এসেছিল, আমরা তার খাজনা নিয়েছি। কিন্তু অপর পক্ষ ভূমি আপিল বোর্ডে মামলা করার পর তার সে আদেশ কেটে দেওয়া হয়। পরে আমরা যা কিছু করেছি আইনের মধ্যেই করেছি।’
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুই পক্ষের যেকোনো এক পক্ষে রায় যায়, যেহেতু তার পক্ষে রায় হয়নি, তাই তিনি হয়তো আমার রায়ে খুশি হতে পারেননি। তাই এমনটা করেছেন।’