খুলনার রূপসা উপজেলা ভূমি কার্যালয়ে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। এ ছাড়া অন্য সরকারি দপ্তরগুলোতে সেবা নিতে গিয়ে সীমাহীন হয়রানির শিকার হতে হয়। ভুক্তভোগীরা গতকাল সোমবার উপজেলা পরিষদে তথ্যমেলা ও গণশুনানি অনুষ্ঠানে এসব অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগীদের কেউ পল্লী বিদ্যুৎ সমিতি, কেউ সাব-রেজিস্ট্রার কার্যালয়, আবার কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটির আয়োজন করে দুদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।
ভুক্তভোগীরা যেসব অভিযোগ করেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো এমবিবিএস চিকিৎসক পাওয়া যায় না। নার্সরাই চিকিৎসা করে থাকেন। ওষুধ পাওয়া যায় না। অকারণে বিভিন্ন পরীক্ষা করানো হয়। আর পল্লী বিদ্যুৎ সমিতির দালালেরা গ্রাহকদের মিটার দেওয়ার নামে পাঁচ থেকে সাত হাজার টাকা হাতিয়ে নেয়। খুঁটি বসাতে নেওয়া হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসে ঘুষ না দিলে কোনো কাজই হয় না। সমাজসেবা অফিস থেকে কিডনি ও ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য সহায়তা করার কথা থাকলেও তা করা হয় না।
গণশুনানি চলাকালে সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ের প্রধানেরা উপস্থিত থেকে জনগণের অভিযোগের জবাব দেন। কেউই তাৎক্ষণিকভাবে সন্তোষজনক জবাব দিতে পারেননি। তবে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তা ছাড়া ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর হবে না বলে দুদক কমিশনারের সামনে প্রতিশ্রুতি ব্যক্তি করেন।
নাসিরউদ্দিন আহমেদ বলেন, সরকারি তথ্য পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে রূপসা উপজেলাকে দুর্নীতিমুক্ত করতে হবে। এ জন্য আজ থেকেই সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতি আন্তরিক হতে হবে। দুর্নীতি প্রতিরোধে দুদক সব সময় সোচ্চার। ভবিষ্যতে কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না।
এর আগে সকাল সাড়ে নয়টায় একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।