
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধে গত শুক্রবার দিবাগত রাতে নোয়াখালীতে ভূমি কার্যালয়ে ও বরিশালে ট্রাকে পেট্রলবোমা হামলা হয়েছে। এতে একজন দগ্ধ হয়েছেন। কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে ২৯টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া গতকাল শনিবার রাজশাহীর বাঘায় টেলিফোন এক্সচেঞ্জে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে গতকাল রাত আটটা পর্যন্ত চার জেলা থেকে বিএনপির ও জামায়াত-শিবিরের ২৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। রাজধানীতে গুলিস্তান ও কেন্দ্রীয় শহীদ মিনারে ককটেল ফাটানো হয়েছে। গুলিস্তানে ককটেল ফাটানোর অভিযোগে একজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।
অবরোধ কর্মসূচির ৬১তম দিন ছিল গতকাল। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৬ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে মোট ৭০১টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬২১টি।
রাজধানীর চিত্র: মিরপুরে গতকাল রাত ১০টার দিকে ট্রাস্ট ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
এর আগে সন্ধ্যা ছয়টার দিকে মোহাম্মদপুর থানার কৃষি মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে আবেদ আলী (৫০) ও মো. হাবীব (৩০) নামের দুই ব্যক্তি আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাত নয়টার দিকে হোটেল রূপসী বাংলার পাশে ককটেল বিস্ফোরণে তাপস (৩০) ও মো. সোহাগ (৪০) নামের দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়।
গতকাল বিকেল পাঁচটার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় মো. হাসান (২৫) নামের একজনকে পিটুনি দেয় জনতা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। প্রায় একই সময়ে রাজধানীর আজিমপুর কবরস্থানের ফটকের সামনে ককটেল বিস্ফোরণে মো. পাপন নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বেলা পৌনে তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ককটেল বিস্ফোরণে আহত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রভা।
পেট্রলবোমা হামলা: বরিশালে গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নগরের রূপাতলী এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক মিজানুর রহমান (৩৫) দগ্ধ হন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শ্বাসনালিসহ তাঁর শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে।
মিজানুর পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামের বাসিন্দা। বরিশাল নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন তিনি। এ ঘটনায় মামলা হয়েছে।
নোয়াখালী সদর উপজেলা ভূমি কার্যালয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের দুটি কক্ষের তিনটি জানালা, জানালার পর্দা ও কিছু নথি পুড়ে যায়।
ট্রেনে আগুন: গতকাল রাত পৌনে আটটার দিকে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন নেভাতে রেলের কর্মীসহ অন্যরা এগিয়ে গেলে তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় এক যুবক আহত হন।
টেলিফোন এক্সচেঞ্জে আগুন: রাজশাহীর বাঘা উপজেলা টেলিফোন এক্সচেঞ্জে গতকাল ভোরে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজশাহী বিভাগীয় টেলিফোন কর্মকর্তা আবদুল মান্নান জানান, আগুনে এক্সচেঞ্জের ৪৮টি ব্যাটারি, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও আসবাব পুড়েছে। এতে সব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
পেট্রলবোমা উদ্ধার: চাঁপাইনবাবগঞ্জ শহরে পরিত্যক্ত একটি সিনেমা হল থেকে গতকাল দুপুরে চারটি পেট্রলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় একটি সড়কের পাশ থেকে শুক্রবার রাত ১২টার দিকে পরিত্যক্ত অবস্থায় থেকে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করেছে বিজিবি।
ট্রাকে হামলা, পুলিশের গুলি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ভূতগাছা এলাকায় শুক্রবার রাতে মালবোঝাই ট্রাকে হামলা চালিয়েছে অবরোধকারীরা। ট্রাকটির সামনের কাচ ভেঙে যায়।
পাঁচ জেলায় আটক ২৯: বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় বিএনপির সভাপতি হেলাল উদ্দিন (৩৫) এবং উপজেলার বাগড়া কলোনি গ্রামের বিএনপির কর্মী মো. শাহ জামালকে (২৫) আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার রাতে বিএনপি-জামায়াতের সাত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রাজশাহীর চারঘাট উজেলার নন্দনগাছি এলাকা থেকে গতকাল সন্ধ্যায় শিবিরের দুজন নেতাকে আটক করে পুলিশ।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার রাতে পেট্রল ঢেলে আগুন দিয়ে যান চলাচলে বাধা এবং একাধিক ককটেল ফাটানো হয়েছে। মিঠাপুকুরের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা}