ভূমি কার্যালয়ে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি কার্যালয়ে জমিসংক্রান্ত শুনানির সময় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় কার্যালয়ের ভেতরে রাখা একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভূমি কার্যালয় থেকে জানা গেছে, সদর উপজেলার সুলতানপুর এলাকার স্বপন লাল দত্ত ও মিহির লাল দত্তের মধ্য জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জায়গার শুনানির জন্য উভয় পক্ষকে গতকাল ভূমি কার্যালয়ে ডাকা হয়। শুনানির একপর্যায়ে কার্যালয় চত্বরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওই কার্যালয়ের কর্মচারীসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। সংঘর্ষ চলাকালে মিহির লাল দত্তের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পাশের মিটার বোর্ডে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কার্যালয়ের কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হন। পরে মিহির লাল দত্ত ও স্বপন লালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী হাকিম স্বপনকে এক বছর ও মিহির লালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সহকারী কমিশনার মুহাম্মদ হাসনাত মোর্শেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।