ভূমি কার্যালয়ের কর্মচারীকে পিটিয়ে আহত, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারে খাসজমি দখলে বাধা দেওয়ায় গত বুধবার সন্ধ্যায় ভূমি কার্যালয়ের এক কর্মচারীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার বাদী উপজেলার আমিনপুর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা জালাল উদ্দিন এজাহারে উল্লেখ করেন, বুধবার বিকেলে তিনি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে অফিস সহায়ক কাউসার মিয়াকে নিয়ে বৈদ্যেরবাজার এলাকায় খাসজমি দখলে বাধা দিতে যান। এতে ক্ষিপ্ত হয়ে হামছাদী গ্রামের বিপ্লব মিয়া ও ইছাপাড়া গ্রামের সাজিদ মিয়ার নেতৃত্বে ৮-১০ জন রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের অবরুদ্ধ করেন। একপর্যায়ে পিটিয়ে কাউসার মিয়ার ডান হাত ভেঙে ফেলা হয়। পরে এলাকাবাসী কাউসারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিপ্লব মিয়া ও সাজিদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, তাঁরা ঘটনার সঙ্গে জড়িত নন। অন্যায়ভাবে তাঁদের ফাঁসানো হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া বলেন, সরকারি কাজে বাধা ও অফিস সহায়ককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।