ভূমি জরিপের ২৮ বছরেও মেলেনি খতিয়ান, দুর্ভোগে ভূমিমালিকেরা
ভূমি জরিপকাজ সম্পন্ন হওয়ার ২৮ বছর পেরিয়ে গেলেও মেলেনি ছাপানো খতিয়ান। এর ফলে বগুড়ার সান্তাহার পৌরসভা ও ইউনিয়নের পাঁচ মৌজার অর্ধলাখ ভূমির মালিককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনেও জমি কেনাবেচা করতে পারছেন না।
ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলায় ১৯৮৬ সালে ভূমি জরিপ শুরু হয়ে শেষ হয় ১৯৮৮ সালে। তখন দেওয়া হয় হাতে লেখা মাঠ পর্চা ও খতিয়ান। পরে উপজেলার প্রায় সব মৌজার ছাপানো খতিয়ান দেওয়া হলেও সান্তাহার ইউনিয়নের উৎরাইল, কায়েতপাড়া, কাশিমিলা, দমদমা ও সান্তাহার পৌর এলাকার কলসা মৌজার প্রায় অর্ধলাখ ভূমিমালিককে এখনো ছাপানো খতিয়ান দেওয়া হয়নি।
উপজেলার উৎরাইল গ্রামের শামসুর রহমান মহুরি বলেন, আগে দেওয়া হাতে লেখা মাঠ পর্চাগুলো এখন পড়া যায় না। তাই এগুলো দিয়ে কেনাবেচা বা অন্য কোনোভাবে জমি হস্তান্তর করা যাচ্ছে না। আবার হস্তান্তর করা গেলেও ছাপানো খতিয়ান না থাকার কারণে তহসিল অফিসের লোকজন সেগুলো গ্রহণ না করে এমআরআর (এসএ) খতিয়ান সংগ্রহ করে আনতে বলেন। বাধ্য হয়ে ৪০ কিলোমিটার দূরে বগুড়া জেলা সদরের কালেক্টর অফিসে গিয়ে দিনের পর দিন ধরনা দিতে হচ্ছে। সেখানেও ছেঁড়া-ফাটা থাকার কারণে মিলছে না এমআরআর খতিয়ান।
এ বিষয়ে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা পারভীন বলেন, উপজেলার কিছু মৌজার প্রিন্ট খতিয়ান এখনো পাওয়া যায়নি। এগুলো পাওয়া গেলে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।