ভূমি দখল ও বাগান ধ্বংসে বাধা দেওয়ায় নারীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামার ভূমিদস্যুরা এক নারীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূমি দখলের প্রতিবাদ ও বাগান থেকে কলার ছড়ি কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে ওই নারীকে মারধর করা হয়। গতকাল বুধবার সকালে উপজেলার রূপসীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ২৫-৩০ জন যুবক রূপসীপাড়া ইউনিয়নের কলারঝিরি মারমাপাড়ায় যান। তাঁরা হেডম্যানকে (মৌজাপ্রধান) একটি দলিল দেখিয়ে উথোয়াইহ্লা মারমা ও মংমংসিং মারমার জমি তাঁদের বলে দাবি করেন। একপর্যায়ে উথোয়াইহ্লা মারমার বাগান কেটে ফেলেন এবং কলার ছড়ি নিয়ে যান।
উথোয়াইহ্লা মারমা বলেন, বাগান কেটে ফেলার সময় তাঁর স্ত্রী হ্নাম্যাথিং বাধা দেন। এ সময় ভূমিদস্যুরা তাঁর স্ত্রীকে লাঠিপেটা করেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা।
মংমংসিং মারমা বলেন, ভূমিদস্যুরা যে জমি দাবি করেছে, সেই জমিতে বংশপরম্পরায় তাঁরা ধান চাষ ও বাগান করে আসছেন। তাঁদের নামে বন্দোবস্ত দলিলও রয়েছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় ভূমিদস্যুরা তা দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে লামা থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ওই নারীকে মারধর করার কথা তিনি শুনেছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।