ভূমি সহকারী কর্মকর্তা ও পিয়ন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির তথ্য পেয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ভূমি কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে হঠাৎ উপস্থিত হন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পরে তিনি দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভূমি সহকারী কর্মকর্তা আলী হোসেন ও পিয়ন জয়নাল আবেদীনকে বরখাস্ত করেন। জয়নাল আবেদীনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি প্রতিমন্ত্রী একটি অভিযোগের ভিত্তিতে গতকাল কালিয়াকৈরে আসেন। প্রথমে তিনি উপজেলা প্রশাসনের কার্যালয়ে যান। দুপুর ১২টার দিকে তিনি সফিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে আকস্মিক অভিযান চালান। সেখানে গিয়ে তিনি সব কর্মকর্তা ও কর্মচারীর পকেট একজন পুলিশ কনস্টেবল দিয়ে তল্লাশি করান। পুলিশ ভূমি সহকারী কর্মকর্তা আলী হোসেনের কাছে গত ২৪, ২৫ এবং ২৬ তারিখের খাজনা আদায়ের ৬২ হাজার টাকা পান। ওই অর্থ গতকাল পর্যন্ত ব্যাংকে জমা না দেওয়ায় আলী হোসেনকে বরখাস্ত করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া দালালদের সঙ্গে যোগসাজশ এবং এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে পিয়ন জয়নাল আবেদিনকে তিনি বরখাস্ত করে পুলিশের হাতে তুলে দেন।
জেলা প্রশাসক নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিয়ন জয়নালের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে।