প্রতিপক্ষের হামলায় বাঙালি ছাত্র পরিষদের তিন নেতা আহত
ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে বুধবার হরতাল আহ্বান
খাগড়াছড়িতে গতকাল সোমবার সংগঠনের প্রতিপক্ষের হামলায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের তিন নেতা আহত হয়েছেন। এদিকে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে কাল বুধবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সংগঠনটি।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সংগঠন সূত্র জানায়, নেতৃত্বের দ্বন্দ্বে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ির নেতা-কর্মীরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একপক্ষের নেতৃত্বে আছেন পরিষদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মজিদ ও অপরটির নেতৃত্বে আছেন খাগড়াছড়ি জেলা শাখার নেতা এস এম মাসুম রানা। তাঁরা দুজনই খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর। সংগঠনের বিবদমান দুটি পক্ষ গতকাল পৃথক সমাবেশে কাল বুধবার তিন পার্বত্য জেলায় হরতাল ডেকেছে।
স্থানীয় সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে ও সংশোধনী বাতিলের দাবিতে খাগড়াছড়িতে শহরে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে দুটি পক্ষ। মানববন্ধন শেষে ফেরার পথে দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে পানছড়ি-খাগড়াছড়ি সড়কে একপক্ষের কর্মীদের ওপর হামলা চালায় অপরপক্ষ। এতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উল্যাহ, সদস্য মো. সুমন ও পানছড়ি উপজেলা শাখার সভাপতি এরশাদ আলী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা আবদুল মজিদ পক্ষের।
এ ঘটনায় এস এম মাসুম রানার পক্ষের নেতা-কর্মীদের দায়ী করে আবদুল মজিদ বলেন, বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে মাসুম গ্রুপ। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিছুদিন আগে খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানাকেবহিষ্কার করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে মাসুম রানা বলেন, ‘এটি তাঁদের (মজিদ পক্ষ) অভ্যন্তরীণ কোন্দলের জের। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, তিন পদে বহাল আছেন। তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়নি।
খাগড়াছড়ি সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।