ভূমিহীন পল্লিতে সংঘর্ষে নিহত ২
সাতক্ষীরার কালীগঞ্জে ভূমিহীনপল্লিতে আধিপত্য বিস্তার ও জমির দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে একটি পাইপগান, দুটি গুলি ও দুটি বোমা। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার ভোর ছয়টার দিকে কালীগঞ্জের বৈরাগীরচক ভূমিহীনপল্লিতে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাশিবাটি গ্রামের আশরাফ আলী মীর (৫৮) ও তাঁর শ্যালক বিলকাজলা গ্রামের ইসহাক আলী গাজী (৫৫)।
জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান জানান, বৈরাগিরচক-চিংড়িখালি ভূমিহীনপল্লির ৯০০ বিঘা সরকারি খাসজমিতে ২০০২ সাল থেকে ৪৪৬টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে। আধিপত্য বিস্তার ও জমির দখল-পাল্টাদখল নিয়ে এখানে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল এ সংঘর্ষ হয়। এর আগে সংঘর্ষে মারা গেছেন তিনজন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিহীন পরিবারগুলোর নেতৃত্বে রয়েছে দুই পক্ষ। এক পক্ষে ভূমিহীন নেতা আশরাফ আলী মীর এবং অন্য পক্ষে আবুল হোসেন ও আবদুল করিম পাড়। প্রায় এক বছর আগে এই খাসজমি থেকে আশরাফ আলীর অনুগত ভূমিহীন লোকজনকে উচ্ছেদ করে জমির দখল নেন আবুল হোসেন ও আবদুল করিম পাড়ের নেতৃত্বাধীন ভূমিহীনেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর পাঁচটায় দিকে কাশিবাটি গ্রামের আশরাফ আলীর নেতৃত্বে ৫০-৬০ জন অস্ত্রধারী ওই জমির দখল নিতে হামলা চালান। তাঁরা বোমা ফাটিয়ে ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় প্রতিদ্বন্দ্বী ওই দুজনের অনুগত ব্যক্তিরা বাধা দিতে গেলে দুই পক্ষে সংঘর্ষ বাধে।