ভূমিহীনদের নামে বরাদ্দ জমি দখলের অভিযোগ
পিরোজপুরের কাউখালী উপজেলায় আট বছর আগে বন্দোবস্ত পাওয়া খাসজমি বুঝে পায়নি ১৩১ ভূমিহীন পরিবার। স্থানীয় প্রশাসনের অবহেলাকে এ জন্য দায়ী করছেন অনেকে।
উপজেলা ভূমি কার্যালয় ও ভূমিহীন পরিবারের কয়েকজন সদস্য বলেছেন, ২০০৬ সালে উপজেলা কৃষি ও খাসজমি বন্দোবস্ত কমিটি চিরাপাড়া মৌজায় ১৯ একর ৬৫ শতক খাসজমি ১৩১টি ভূমিহীন পরিবারকে বন্দোবস্ত দেয়। তারা প্রত্যেকে ১০-১৫ শতক করে বরাদ্দ পায়। কিছুদিন পর গ্রামের দুলাল চন্দ্র নামে এক ব্যক্তি এর বিরুদ্ধে আদালতে মামলা করেন। ২০০৮ সালের জুন মাসে মামলাটি খারিজ করে দেন আদালত। এর পর থেকে ভূমিহীনরা জমি বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কাউখালী উপজেলার বাসিন্দা নিমাই মণ্ডল বলেন, স্থানীয় প্রশাসনের উদাসীনতার জন্য ভূমিহীন পরিবারগুলো জমি বুঝে পাচ্ছে না। ওই জমি চিরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুজ্জামানসহ স্থানীয় ১০-১২ জন ভোগদখল করছেন। তবে আরিফুজ্জামান অভিযোগ অস্বীকার করছেন।
জমি বন্দোবস্ত পাওয়া সুকান্ত দাস (৩২) বলেন, জমি দখল না পাওয়ায় তাঁরা যাযাবরের মতো বাস করছেন। ভূমির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম জানান, ব্যস্ততার কারণে উপজেলা জমি বন্দোবস্ত কমিটির সভা করা যায়নি। শিগগিরই সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।