ভূমিহীনের বন্দোবস্ত নেওয়া জমি দখল করে ভবন নির্মাণ
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের এক ভূমিহীন পরিবারের বন্দোবস্ত নেওয়া ২৫ শতাংশ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই জমিতে পাকা ভবন নির্মাণ করেছে একই গ্রামের একটি পরিবার।
ভুক্তভোগী ও বার্থী ইউনিয়ন তহশিল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের ভূমিহীন মাহাতাব হোসেন ফকির ও তাঁর স্ত্রী শিউলী বেগমকে ২৫ শতক খাসজমি বন্দোবস্ত দেয় সরকার। সরকারের পক্ষে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) অমল কৃষ্ণ মণ্ডল কবুলিয়ত গ্রহণ করে মাহতাবকে ৯৯ বছরের জন্য মালিকানাস্বত্ব প্রদান করে সাবরেজিস্ট্রারের মাধ্যমে বন্দোবস্ত দেন।
মাহাতাব ফকির প্রথম আলোকে বলেন, জমি বন্দোবস্ত পাওয়ার পর ওই জমিতে বসতঘর নির্মাণ করতে গেলে পাশের মো. আলী আজগর আকন ও তাঁর সহোদর মো. সিরাজুল ইসলাম আকন, মো. হায়দার আলী আকন, মো. ফিরোজ আলী আকন বাধা দেন। এ সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে তিনি জমি দখল না নিয়ে ফিরে আসেন। তিনি বলেন, ‘মামলা ও ভয়ভীতি দেখিয়ে এত দিন আমাদের ওই জমি দখল নিতে দেওয়া হয়নি। সম্প্রতি আলী আজগর ও সহোদরেরা ওই জমিতে পাকা ভবন নির্মাণকাজ শুরু করেন। এতে বাধা দিলে আমাকে মারধর করে তাঁর নির্মাণকাজ অব্যাহত রাখেন। পরে বার্থী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
বার্থী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান প্যাদা বলেন, ‘এ নিয়ে সালিস হয়। সেখানে আলী আজগর আকন সময়ের আবেদন করেন। কিন্তু পরবর্তী সময়ে মাহাতাবের বিরুদ্ধে বরিশালের গৌরনদী সহকারী জজ আদালতে মামলা করেন। মামলা দিয়ে দূরে রেখে তড়িঘড়ি করে ভবনের নির্মাণকাজ সম্পন্ন করেছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে আলী আজগর আকন বলেন, ‘আমাদের ক্রয় করা সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ করেছি। আমরা কারও জমি জবরদখল করিনি।’ বার্থী ইউনিয়ন তহশিলদার মো. রেজাউল কবির বলেন, ‘এ ঘটনায় আদালত আমাদের কাছে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন চেয়েছেন। আমরা সরকারের পক্ষে ও বন্দোবস্ত দেওয়ার বিষয়ে সুস্পষ্ট প্রতিবেদন দাখিল করেছি।’