ভূরিভোজ করিয়ে কুপিয়ে হত্যা
সুদে টাকার কারবার করতেন যশোর জেলার আন্দোলপোতা গ্রামের আজিজুর সরদার (৩৩)। একই গ্রামের এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী তরিকুল ইসলামের কাছে ১ লাখ ৩০ হাজার টাকা পেতেন তিনি। পাওনা টাকা চাওয়ায় এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে পিকনিক আয়োজন করে আজিজুরকে ভূরিভোজ করিয়ে কুপিয়ে হত্যা করেন তরিকুলসহ পাঁচজন। আজ সোমবার সকালে বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতর থেকে আজিজুরের লাশ পাওয়া যায়।
আজিজুরকে হত্যার অভিযোগে তরিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় লোকজন। আজিজুর সরদার আন্দোলপোতা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও আজিজুরের স্বজনেরা জানান, তরিকুলসহ পাঁচজন আজিজুরের কাছ থেকে সুদে টাকা ধার নেন। তবে টাকা ফেরতে গড়িমসি করায় তরিকুলের সঙ্গে আজিজুরের বেশ কয়েকবার বাগ্বিতণ্ডা হয়। গতকাল রোববার রাতে ওই পাঁচজন বিদ্যালয়ের মাঠে রান্না করে খাওয়ার আয়োজন করেন। সেখানে আজিজুরকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান তরিকুল। সবাই মিলে খাওয়াদাওয়া শেষে ধারালো অস্ত্র দিয়ে আজিজুরকে কুপিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে দেন তাঁরা। পরে আজিজুরকে খোঁজ না পেয়ে তরিকুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। অসংলগ্ন কথাবার্তা বলায় তরিকুলকে পিটুনি দিলে তিনি হত্যার কথা স্বীকার করেন।
আজিজুরের চাচা শাহজাহান আলী সাংবাদিকদের বলেন, গতকাল রাত আটটার দিকে আজিজুরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান তরিকুল। এরপর থেকে আজিজুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। রাত একটার দিকে বিদ্যালয়ের শৌচাগারের সেপটিক ট্যাংকে একটি বস্তার মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, পাঁচজন আজিজুরকে হত্যা করেছেন। এঁদের তিনজনের পরিচয় জানা গেছে। এঁদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।