ভূরুঙ্গামারীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত রোববার অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিকে আরেকজন ব্যক্তি উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তি মারা যান।
পুলিশ ও চিকিৎসক সূত্র জানায়, গত রোববার রাত ১০টায় সানোয়ার নামের এক ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আখতারুজ্জামানকে বলেন, তাঁর ডায়রিয়া হয়েছে। তাঁর সঙ্গে আরও একজন আছেন। আখতারুজ্জামান দ্রুত ছুটে গিয়ে দেখেন বারান্দায় মৃত অবস্থায় এক ব্যক্তি (৫০) পড়ে আছেন। দুজনের হাতে স্যালাইন লাগানো। পরে ভূরুঙ্গামারী থানা-পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জীবিত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাঁর নাম সানোয়ার হোসেন। বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামে। তাঁরা দুজনে এক বাড়িতে সেমাই খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।
ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় ওই ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বোঝা যাবে তিনি কীভাবে মারা গেলেন।
পুলিশ সানোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জিজ্ঞাসাবাদে সানোয়ার বলেন, মৃত ওই ব্যক্তির নাম ওহাব। তাঁর বাড়ি যশোরে। তবে পুলিশ ওই নাম ও ঠিকানার সত্যতা পায়নি। অজ্ঞাতপরিচয় ওই লোকটির আনুমানিক বয়স ৫০। পাকা দাড়ি রয়েছে। পরনে লুঙ্গি, গায়ে ফুলহাতা শার্ট ও হাফ সোয়েটার রয়েছে। তাঁর সঙ্গে থাকা চামড়ার ব্যাগে বেশ কিছু ভোটার পরিচয়পত্র, বিভিন্ন লোকের ছবি, মুঠোফোন পাওয়া গেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পণ্ডিত বলেন, ওই ব্যক্তির আসল পরিচয় জানার চেষ্টা চলছে। সানোয়ার হোসেন ও মৃত ব্যক্তি পুরোনো মুদ্রার ব্যবসা চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।