ভূরুঙ্গামারীতে 'মাদকাসক্ত' ছেলের হাতে মা খুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা বুলবুলি বেগম। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে ছেলে বেলাল হোসেন (২৮) পলাতক রয়েছেন। এ ঘটনায় আহত বেলালের ফুফু হাজেরা বেওয়াকে (৫০) গুরুতর অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ইউনিয়নের শাহীবাজার এলাকার ব্যবসায়ী বাহার আলীর ছেলে বেলাল হোসেন মাদকাসক্ত। প্রায়ই নেশা করে তিনি প্রতিবেশীসহ নিজ বাড়ির লোকজনকে মারধর করেন। গতকাল সন্ধ্যায় বেলাল নেশা করে বাড়িতে মাতলামি শুরু করেন। এ সময় মা বুলবুলি বেগম (৪২) ও ফুফু হাজেরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বেলাল উত্তেজিত হয়ে পাশে থাকা নলকূপের হাতল দিয়ে প্রথমে মাকে আঘাত করেন। এরপর ফুফুকে আঘাত করেন তিনি। ছেলের এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।