ভেজাল ওষুধ তৈরির কারখানা সিলগালা
গবাদিপশুর অবৈধ ও ভেজাল ওষুধ উৎপাদন এবং মজুত করার দায়ে রাজধানীর উত্তরায় মেসার্স এভুন পোলট্রি ফিড নামের একটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিনের নেতৃত্বে আদালত উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত মেসার্স এভুন পোলট্রি ফিডে অভিযান চালান। এতে র্যাব-২-এর একটি দল অংশ নেয়। কারখানা কর্তৃপক্ষ ওষুধ তৈরির কোনো লাইসেন্স দেখাতে পারেনি। পরে অবৈধ ও ভেজাল ওষুধ উৎপাদন এবং মজুতের দায়ে কারখানার মালিক এ কে এম সাঈদ সারোয়ার (৪০), ব্যবস্থাপক এ এস এ রশীদকে (৬১) আটক করেন আদালত। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বলেন, ওষুধ প্রশাসনের কোনো লাইসেন্স তাঁদের নেই। ১২ বছর ধরে তাঁরা নিম্নমানের উপাদান দিয়ে অ্যান্টিবায়োটিকসহ গবাদিপশুর নানা ওষুধ তৈরি করে আসছিলেন। ওষুধের প্যাকেটের গায়ে নামীদামি ব্র্যান্ডের লেভেল লাগিয়ে বাজারজাত করছিলেন তাঁরা। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ কে এম সাঈদ সরোয়ারকে তিন লাখ ও এ এস এ রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ড দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন বলেন, জরিমানার দেড় লাখ টাকা দেওয়ায় দুজনের সাজা মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, উৎপাদিত বিষাক্ত ওষুধ গবাদিপশুর অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এ গরুর মাংস খেলে মানুষ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারে।
এর আগে গত ২২ মে পশু ও হাঁস-মুরগির ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে র্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত খিলগাঁওয়ের খান ফার্মার মালিককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছিলেন।