ভেজাল ওষুধ বিক্রির দায়ে জেল-জরিমানা
শেরপুরে অভিযান চালিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ওষুধ ব্যবসায়ীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তিন ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে এই অভিযান চালানো হয়।
শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর ও সদর থানা-পুলিশ।
কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম বাবুল আহমেদ (৩৫)। তিনি বাবুল মেডিকেল হলের মালিক। নকল ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে তাঁকে দণ্ড দেওয়া হয়েছে। রাতেই তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে সীমান্ত মেডিকেল হলের মালিক মহসীন আলীকে দুই হাজার টাকা, আরতি ঔষধালয়ের মালিক অজয় নন্দীকে ৫০০ টাকা এবং প্রতিভা মেডিকেল হলের মালিক লিটন নন্দীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান আজ বুধবার প্রথম আলোকে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান চলবে।