ভেজাল ওষুধ বিক্রির দায়ে দণ্ড, জরিমানা
লক্ষ্মীপুরে ভেজাল ওষুধ প্যাকেটজাতকরণ, সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘এলিকো ফার্মা’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালককে দুই মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া পরিচালকের নাম মুরাদ হোসেন পাটোয়ারী। তিনি এলিকো ফার্মার নাম ভাঙিয়ে, প্রতিষ্ঠানটির লেবেল লাগিয়ে নকল ওষুধ বিক্রি করতেন বলে আদালত সূত্রে জানা গেছে।
গত শুক্রবার গভীর রাতে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এলিকো ফার্মার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া ওই দণ্ড দেন। পরে কথিত প্রতিষ্ঠানটির কার্যালয় ও কারখানা সিলগালা করে দেন আদালত। গতকাল শনিবার মুরাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম রোডের ইসলাম ভবনে এলিকো ফার্মার ওষুধ প্যাকটজাতকরণ কারখানা ও দক্ষিণ তেমুহনী এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় অবস্থিত।