ভেজাল ওষুধ বিরোধী অভিযানে চিকিৎসক দম্পতিসহ গ্রেপ্তার ৫
ভুয়া লাইসেন্স নিয়ে ভেজাল ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত চিকিৎসক দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর মুনসিপাড়া এলাকায় লেক্সিকন ফার্মাসিউটিক্যালসের কারখানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যার দিকে কারখানাটি থেকে ভেজাল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করে পুলিশ ও ওষুধ প্রশাসন। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
পাহাড়তলী থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ওষুধ কারখানার তিন পরিচালক আবদুল জলিল, এ এইচ এম নজিরুল হক ও তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া এবং কারখানার কর্মচারী দুই ভাই আল আমিন ও রুহুল আমিন। তাঁদের মধ্যে নজিরুল হক চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর কাট্টলী আলিমউল্লাহ চৌধুরী স্বাস্থ্যকেন্দ্রের এবং তাঁর স্ত্রী উত্তর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের মেডিকেল অফিসার।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ওষুধ প্রশাসন কারখানাটিতে যৌথ অভিযান চালায়। ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে কারখানা থেকে সিটি করপোরেশনে কর্মরত চিকিৎসক দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওষুধ প্রশাসন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মাখনুওন তাবাসসুম প্রথম আলোকে বলেন, জাল ড্রাগ লাইসেন্স নিয়ে কারখানাটিতে ভেজাল ওষুধ উৎপাদন করা হচ্ছিল। কারখানা থেকে জব্দ করা লাইসেন্সের কাগজপত্র যাচাই-বাছাই করা দেখা গেছে, সবগুলোই ভুয়া ও জাল। প্রায় এক মাস আগে কারখানার কার্যক্রম শুরু করেছে বলে দাবি করেছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা।
আরেক ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব জানান, কারখানাটিতে ইসুলেকস নামের গ্যাস্ট্রিকের ওষুধ উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া তাঁদের আরও ১৭ ধরনের ওষুধ উৎপাদনের পরিকল্পনা ছিল।
আজ সন্ধ্যায় উত্তর কাট্টলীর মুনসিপাড়ায় গিয়ে দেখা যায়, সাগরিকা সড়কের পাশে এক তলা ভবনে কারখানাটি অবস্থিত। প্রায় চার শ বর্গফুট জায়গার ওপর গড়ে উঠা এই কারখানাটি তালাবদ্ধ ছিল। এক পর্যায়ে পুলিশ ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে দেখা যায়, সেখানে কাঁচঘেরা তিনটি কক্ষ রয়েছে। সেগুলোতে ওষুধ, ওষুধ উৎপাদনের যন্ত্রপাতি ও কাঁচামাল ছিল। এই সময় কারখানার সামনে স্থানীয় লোকজন ভিড় জমান।
কারখানার সামনে থাকা স্থানীয় দুই যুবক সোহেল ও সাফায়েত ইসলাম বলেন, এক বছর আগে কারখানাটিতে জিম (শারীরিক ব্যায়ামাগার) ছিল। এরপর সেখানে আসবাবপত্রের দোকান করা হয়। পাঁচ-ছয় মাস আগে সেটিও বন্ধ হয়ে যায়। সম্প্রতি সেখানে ওষুধ কারখানার কার্যক্রম শুরু হয়। কারখানার দরজা সব সময় তালাবদ্ধ থাকত।
পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, কারখানা থেকে জব্দ করা ওষুধের কাঁচামালের আনুমানিক মূল্য দুই লাখ টাকা এবং যন্ত্রপাতির দাম ২০-২৫ লাখ টাকা হবে।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওষুধ কারখানার মোট পরিচালক হচ্ছেন ১১ জন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, পাহাড়তলী থানার ওসি ভেজাল ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার দায়ে করপোরেশনের দুই মেডিকেল অফিসারকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। ওই দুই অফিসার অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন। তাঁদের বিরুদ্ধে করপোরেশনের চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।