ভেজাল ওষুধ বিরোধী অভিযান, ডাক্তারসহ আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের উত্তর কাত্তলির মুনসিপাড়া এলাকায় ভেজাল ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে লেক্সিকন ফার্মাসিউটিক্যালসের কারখানার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া প্রথম আলোকে জানান, অবৈধ ড্রাগ লাইসেন্স নিয়ে কারখানাটিতে ভেজাল ওষুধ উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই কারখানা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর কাত্তলি ইপিআই অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা এ এস এম নজিরুল হক, তাঁর স্ত্রী উত্তর কাত্তলির মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের চিকিৎসক জান্নাতুল মাওয়া, ওষুধ কারখানাটির পরিচালক আবদুল জলিল এবং নিরাপত্তারক্ষী আল আমিন ও রুহুল আমিনকে আটক করে।