ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করে ভোক্তাদের কাছে তা বিক্রি করার দায়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি নকল কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

গতকাল মঙ্গলবার বরদিয়া আড়ং বাজারে ‘জুঁই ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ’ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানাটির ব্যবস্থাপকসহ তিনজন কর্মচারীকে আটক করা হয়। তাঁরা হলেন ব্যবস্থাপক সবুজ হোসেন (৪০), কর্মচারী রুবেল খান (৩২), মো. কাইয়ুম (২৯) ও এমদাদুল হক (৩৬)। সবুজের বাড়ি পাবনা জেলা সদরে, কাইয়ুমের বাড়ি মতলব দক্ষিণ এবং রুবেল ও এমদাদুলের বাড়ি মতলব উত্তর উপজেলায়।

থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আজ বুধবার সকালে তাঁদের চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে।

ইউএনওর কার্যালয় জানায়, কারখানাটির মালিক মো. জুম্মন অন্য কোম্পানির পণ্যের লেবেল নিজ কোম্পানির উৎপাদিত ভেজাল পণ্যের মোড়কে লাগিয়ে তা বিক্রি করছিলেন। গতকাল পুলিশ নিয়ে কারখানাটিতে অভিযান চালান ইউএনও।

ইউএনও শহিদুল ইসলাম বলেন, ব্যবসায়িক অনুমতিপত্র ও বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।