ভেজাল গুঁড়া মসলা নালায়

‘মরিচ, হলুদ, ধনিয়া ভাঙানো হয়’ রাস্তার পাশে এ রকম একটি সাইনবোর্ড সাঁটিয়ে চলছিল মসলা ভাঙানোর কল। সেখানে মরিচের সঙ্গে ইটের গুঁড়া, হলুদ ও ধনিয়ার সঙ্গে ধানের তুষ রং দিয়ে মেশানো হতো। রমজানের বাজারে এ মসলা কম দামে বাজারজাত করতেই গুঁড়া মসলার কলটি চালু করা হয়েছিল।
সিলেট নগরের নবাবী রোড এলাকার ‘বেবী গুঁড়া মসলা’ নামের একটি গুঁড়া মসলার কলে এ রকম ভেজাল হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। পরে মসলা ভাঙানোর কলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং কল পরিচালনায় থাকা এক কর্মচারীকে আটক করা হয়।
গতকাল রোববার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯)-এর সমন্বয়ে ভেজালবিরোধী এ অভিযান পরিচালনা করেন সিলেটের নির্বাহী হাকিম জিয়াউল ইসলাম।
র্যাব-৯-এর উপপরিচালক (মিডিয়া) এস এ এম ফখরুল ইসলাম খান জানান, মসলা ভাঙার কল থেকে উদ্ধার করা রংমিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুঁড়া মসলা উদ্ধার করা হয়।