রাজশাহীর চারঘাটে ভেজাল গুড় তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়। একই সময়ে অপর এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (৩৫), রাশেদুল ইসলাম (৩২) ও রাজীব আলী (২৫)। তাঁদের তিনজনের বাড়িই চারঘাট উপজেলার গোপালপুর গ্রামে। রং, আটা, চিনি ও চিটা গুড় মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরির দায়ে রবিউল ও রাশেদুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। আর খেজুর গুড়ে ভেজাল মেশানোর দায়ে রাজীবের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন। অভিযানে ৫১৭ মণ ভেজাল আখের গুড় ও খেজুর গুড়ের ২০ খানা পাটালি ধ্বংস করা হয়। ১৭ বস্তা চিনি ও আড়াই বস্তা আটা নিলামে বিক্রি করে দেওয়া হয়।