ভেজাল দুধ তৈরির জন্য রাখা গুঁড়া দুধ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল সোমবার সকালে ভেজাল দুধ তৈরির জন্য রাখা গুঁড়া দুধ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ভেজাল দুধ তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন আবুল কাসেম (২৮)। তাঁর বাড়ি সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামে। তাঁর বাড়ি থেকে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি গুঁড়া দুধ উদ্ধার করা হয়।
জানা যায়, জেলা ও উপজেলা সদরের বিভিন্ন মুদি দোকানে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে খোলা গুঁড়া দুধ পাওয়া যায়। এসব দুধ পানির সঙ্গে মিশিয়ে সাটুরিয়ার বিভিন্ন বাজারের অসাধু ব্যবসায়ীরা দুধ তৈরি করছেন। প্রতি কেজি গুঁড়া দুধ দিয়ে ১২ থেকে ১৫ কেজি দুধ তৈরি করা হয়। এরপর সেগুলো গরুর খাঁটি দুধ বলে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এসব দুধের বেশির ভাগ ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হয়ে থাকে।
এ নিয়ে প্রথম আলোর অনুসন্ধানে সাটুরিয়ার পার তিল্লী বাজার, তিল্লী বাজারসহ আরও কয়েকটি বাজারে ভেজাল দুধ
তৈরির বিষয়টি বেরিয়ে আসে। গত ২৩ মার্চ প্রথম আলোয় ‘পানিতে গুঁড়া দুধ মিশিয়ে তৈরি হচ্ছে গরুর দুধ!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এর পরদিন উপজেলা প্রশাসন ও পুলিশ কয়েকটি বাজারে অভিযান চালায়। তবে অসাধু ব্যবসায়ীরা গা ঢাকা দেন।
সাটুরিয়া থানার পুলিশ জানায়, গতকাল সকালে সাটুরিয়ার ভাটারা গ্রামে আবুল কাসেমের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত গুঁড়া দুধ উদ্ধার করা হয়। এ সময় কাসেমকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ভেজাল দুধ তৈরির অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভেজাল দুধ তৈরি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।