ভেজাল দুধ তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলায় ভেজাল দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত আবদুর রশীদ নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের আদালত এই জরিমানা করেন।
আদালতের কর্মকর্তারা জানান, উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের রশিদ দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ইউএনও শফিকুলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই দিন রাত নয়টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালান। সেখানে প্রায় দুই হাজার লিটার ভেজাল দুধসহ দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করেন।
ইউএনও শফিকুল ইসলাম জানান, পাবনা প্রাণিসম্পদ কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সহায়তায় ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে ভেজাল দুধ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।