ভেজাল পেট্রল বিক্রির অভিযোগে পাম্প সিলগালা
কেরোসিন মেশানো পেট্রল বিক্রির অভিযোগে ঠাকুরগাঁও পৌর এলাকার সুরমা ফিলিং স্টেশন নামের একটি পাম্পের তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ওই নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পাম্পে কেরোসিনযুক্ত ভেজাল পেট্রল বিক্রির পাশাপাশি ওজনে কম দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। গতকাল বিকেলে আবদুল হামিদ নামের মোটরসাইকেলের এক চালক সুরমা ফিলিং স্টেশন থেকে পেট্রল কেনেন। পথে তাঁর মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। পরে তিনি স্থানীয় এক মিস্ত্রির কাছে মোটরসাইকেলটি মেরামত করতে দেন। মিস্ত্রি মোটরসাইকেলটি পরীক্ষার পর হামিদের মোটরসাইকেলে ব্যবহার করা পেট্রলের সঙ্গে কেরোসিনের মিশ্রণ পান। বিষয়টি জানার পর স্থানীয় কয়েকজন যুবক পেট্রল পাম্পে গিয়ে ব্যবস্থাপককে বিষয়টি জানান। একপর্যায়ে যুবকেরা পাম্পের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনাটি জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে তেল পাম্পটি সিলগালা করে দেন।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আরিফুল ইসলাম কেরোসিনযুক্ত পেট্রল বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইদানীং পেট্রলের সমস্যা হচ্ছে, তা বুঝতে পারছি। কিন্তু এতে আমাদের কিছু করার নেই। ডিপো থেকেই কেরোসিন-মিশ্রিত পেট্রল আসতে পারে।’
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, ‘পেট্রল পরীক্ষার জন্য জেলায় কোনো ব্যবস্থা নেই। তবে এটা পরীক্ষার জন্য আমরা বিএসটিআই বরাবর পাঠাব, তত দিন তেল পাম্পটি বন্ধ রাখা হবে। বিএসটিআইয়ের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’