ভেজাল প্যারাসিটামল : অভিযুক্তদের শুনানি ৪ আগস্ট
ভেজাল প্যারাসিটামল তৈরির মামলায় অভিযুক্ত রিড ফার্মাসিউটিক্যালসের মালিকসহ পাঁচ কর্মকর্তার আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়েছে। ৪ আগস্ট আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেছেন ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান।
২০১১ সালের ৯ মার্চ ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে রিড ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ পাঁচজনের বিচার শুরু করেন আদালত। অপর চারজন হলেন মিজানুর রহমানের স্ত্রী রিড ফার্মার পরিচালক শিউলি রহমান, পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।
ড্রাগ আদালতের পেশকার মো. রফিক প্রথম আলোকে বলেন, গত ১৯ জুলাই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত আজ সোমবার মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষ থেকে সময়ের আবেদন করলে আদালত ৪ আগস্ট পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, এ মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক চিকিৎসক এ আর খান। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এ আর খান ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। ২০০৯ সালের জুলাই মাসে ওই হাসপাতালের নেফ্রলজি বিভাগের প্রধান চিকিৎসক মো. হানিফ তাঁকে জানান, অন্যান্য সময়ের চেয়ে বেশিসংখ্যক কিডনি বিকল হয়ে হাসপাতালে শিশু ভর্তি হয়। প্রায় সবাই বৃহত্তর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা শিশু। প্রথমে শিশুদের জ্বর ও বমি হয়। পরে শিশুদের প্রস্রাব বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শিশুরা মারা যায়।
২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে সারা দেশে অনেক শিশু মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার ড্রাগ আদালতে এই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বলা হয়, রিড ফার্মাসিউটিক্যালস রিড সাসপেনশনের পরিবর্তে সিরাপ তৈরি করে, যা ভেজাল।