ভেজাল বীজ বিক্রির দায়ে দুজনকে জরিমানা
ভেজাল ধানবীজ বিক্রির দায়ে রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বীজ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা।
এ ছাড়া আদালত চার কৃষককে ১৭ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে দুই বিক্রেতাকে নির্দেশ দেন। তাৎক্ষণিক ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়।
ইউএনও গোলাম মওলা জানান, অভিযানের সময় ভেজাল স্বর্ণা বীজ বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় নেহার ট্রেডাসের মালিক আবদুর রশিদকে পাঁচ হাজার ও নুর ট্রেডাসের মালিক নুর আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নুর ট্রেডাসের মালিক দুই কৃষককে ১২ হাজার, মহাদেব বীজ ভান্ডারের মালিক নরেশ চন্দ্র দুই কৃষককে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দেন।
এ ছাড়া নেহা ও হীরা বীজ ভান্ডার থেকে বীজ কিনে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের তালিকা করার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।