ভেজাল মসলা তৈরির দায়ে আটজনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারের মসলাপট্টিতে আজ ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভেজাল মসলা প্রক্রিয়াজাত ও ব্যবসার সঙ্গে জড়িত আটজনকে আটক করে দণ্ড দেওয়া হয়। ছবি: জাহিদুল করিম
রাজধানীর কারওয়ান বাজারের মসলাপট্টিতে আজ ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভেজাল মসলা প্রক্রিয়াজাত ও ব্যবসার সঙ্গে জড়িত আটজনকে আটক করে দণ্ড দেওয়া হয়। ছবি: জাহিদুল করিম

ভেজাল মসলা তৈরির দায়ে রাজধানীর কারওয়ান বাজারে আটজনকে দণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পূর্বপাশের মার্কেটে (মসলাপট্টি) অভিযান চালিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন র‌্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা। এ সময় র‌্যাব-২-এর একটি দল ও বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন মনির হোসেন, সুমন মিয়া, আবদুল জলিল, কাওসার আলী, গিয়াস উদ্দিন, খাজা মিয়া, দুলাল মিয়া ও আমির হোসেন। এঁদের মধ্যে তিনটি কারখানার মালিক সুমন মিয়া, মনির হোসেন ও গিয়াস উদ্দিনকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আটজনকেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়। কারখানা তিনটি থেকে প্রায় ৫০ বস্তা ভেজাল মসলা তৈরির উপকরণ আটক করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার ভাষ্য, আটক ব্যক্তিরা ভেজাল উপায়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করছিলেন। হলুদ ও মরিচের গুঁড়ার মধ্যে বিষাক্ত রং মেশানো হচ্ছিল। এগুলো মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সবাইকে জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে আটক মালামাল। এর আগেও একাধিকবার একই জায়গায় অভিযান চালানো হয় বলে জানান তিনি।