ভেজাল রং তৈরির দায়ে ইউপি সদস্যকে জরিমানা
গোপালগঞ্জ শহরের হীরাবাড়ী রোডে ভেজাল রং তৈরির অপরাধে রেজাউল সরদার (৪০) নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হোসাইন মো. আল জুনায়েদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
নির্বাহী হাকিম হোসাইন মো. আল জুনায়েদ জানান, শহরের হীরাবাড়ী রোড এলাকার একটি বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন নিজামকান্দি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজাউল সরদার। তিনি ওই বাড়িতে বসে ভেজাল রং তৈরি করে বিভিন্ন রং কোম্পানির খালি কৌটায় ভরে কম দামে বাজারে বিক্রি করে আসছিলেন। বার্জার কোম্পানির পরিবেশকেরা বাজারে ভেজাল রং পাওয়া যাচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালায়।
পরে অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে নির্বাহী হাকিম হোসাইন মো. আল জুনায়েদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রেজাউলের বাসা থেকে ৫০০ গ্যালন ভেজাল রং, প্রায় ২০০টি খালি কৌটা ও ঢাকনা এবং রং তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।