ভেজাল শক্তিবর্ধক পানীয় কারখানার সন্ধান পাবনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের শালগাড়িয়ায় গতকাল মঙ্গলবার একটি ভেজাল শক্তিবর্ধক পানীয় (এনার্জি ড্রিংক) কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। কারখানাটির দুই মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী হাকিম হামিদুর রহমান এবং র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বিনা রানী দাস। দণ্ড পাওয়া দুজন হলেন মনিরুল ইসলাম ও আবদুল কাদের। তাঁদের বাড়ি শালগাড়িয়া মহল্লায়।

অভিযান-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, মহল্লার পুরোনো এতিমখানাপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে মনিরুল ইসলাম ও আবদুল কাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে শক্তিবর্ধক পানীয় তৈরি করে বাজারজাত করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়। র‍্যাব মালিকদের ধরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক হামিদুর রহমান বলেন, কারখানাটিতে ১৩ ধরনের মোড়কে ভেজাল এনার্জি ড্রিংক তৈরি করা হতো। এর প্রতিটিই চরম ক্ষতিকর। অভিযানে তৈরি পণ্য, সরঞ্জামসহ প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে অনুমোদনহীন ভেজাল ও মানবদেহের জন্য ক্ষতিকর পণ্য তৈরি করে বাজারজাত করার অপরাধে কারখানার দুই মালিককে জেল ও জরিমানা করা হয়। এ সময় বাড়ির মালিককেও এ ধরনের প্রতিষ্ঠানের জন্য ঘর ভাড়া দিতে বিরত থাকতে সতর্ক করা হয়।