ভেজাল সারের কারখানায় অভিযান, তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল মঙ্গলবার ভেজাল সারের কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শহরের গাছবাড়ি এলাকা থেকে ডোমার যাওয়ার পথে প্রায় দুই মেট্রিক টন ভেজাল সারসহ একটি পিকআপ আটক করে পুলিশ। পরে চালক লিমন ইসলামের তথ্য অনুযায়ী বেলা দুইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পাটকামুরী গ্রামে ভেজাল সারের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক একই গ্রামের মিলন মিয়া (২২) ও তাঁর ছোট ভাই লিমন ইসলামকে (১৮) আটক করে পুলিশ।

গ্রামের বাসিন্দা আবদুল আজিজ শাহ বলেন, প্রায় আট মাস থেকে মিলন তাঁর নিজের জায়গায় ওই কাজ করছেন। সেখানে কাউকে ঢুকতে দেন না। এ কারণে তাঁরা কিছু জানেন না। এর আগেও একবার ম্যাজিস্ট্রেট এসে জরিমানা করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কেরামত আলী বলেন, ওই কারখানাটি বৈধ নয়। সেখানে ডলোচুন, বালু, মাটি ও সিমেন্টের গুঁড়া দিয়ে বিভিন্ন ধরনের ভেজাল সার তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে ভরে বাজারে বিক্রি করা হতো।

মিলন মিয়া বলেন, ‘আমি এলাকার কয়েকটি ভেজাল সারের কারখানার বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলাম। কিন্তু কৃষি কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ কারণে আমিও নতুন করে ওই ভেজাল সারের ব্যবসা শুরু করি।’

কৃষি কর্মকর্তা মো. কেরামত আলী বলেন, যেসব বিষয়ে অভিযোগ করা হয়েছিল, সেগুলো তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল হাসান বলেন, অভিযানে ভেজাল সার তৈরির যন্ত্রপাতি, ভেজাল সার ও সার তৈরির কাজে ব্যবহৃত ডলোচুন, সিমেন্টের গুঁড়াসহ মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ বিভাগমামলা করবে।

সদর থানার এসআই মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।