ভেজাল স্যালাইন ও গ্লুকোজ তৈরি কারখানার সন্ধান
মানিকগঞ্জ পৌর এলাকার একটি বাড়িতে ভেজাল স্যালাইন ও গ্লুকোজ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
গত সোমবার রাতে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ টেস্টি স্যালাইন, গ্লুকোজ ও এসব পণ্য তৈরির মালামাল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামের ইসতিয়াক আহমেদ (২৬), মনিরুজ্জামান (২২), শেখ পারভেজ (২০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাতুরাবাড়ি গ্রামের মো. ইয়াছিন (২০) ও মানিকগঞ্জ সদরের গোপালখালী গ্রামের জনি মিয়া (২২)।
সদর থানার পুলিশ জানায়, দুই মাস আগে মানিকগঞ্জ পৌর এলাকার এ বাড়িটি ভাড়া নেওয়া হয়। এর পর থেকে টেস্টি স্যালাইন ও গ্লুকোজ তৈরি করা হচ্ছে। এসব খাদ্যসামগ্রী বিভিন্ন জায়গায় বিপণন করা হচ্ছিল। সোমবার রাতে ওই বাড়িতে ভেজাল পণ্য তৈরির সন্ধান পান সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায়। রাত ১০টার দিকে তিনি ও এএসআই আনোয়ার হোসেনসহ অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে অবৈধভাবে স্যালাইন ও গ্লুকোজ তৈরির অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করেন।
এ সময় ২ হাজার ৬০০ প্যাকেট টেস্টি স্যালাইন, ১৫০ প্যাকেট গ্লুকোজ, ট্যাংক তৈরির ১০ হাজার মোড়কসহ (প্যাকেট) এসব ভেজাল খাদ্যপণ্য উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ চিনি, সাইট্রিক অ্যাসিড ও সোডিয়াম সাইট্রিক অ্যাসিড জব্দ করা হয়। এ ছাড়া এসব খাদ্যপণ্য উৎপাদনকারী চারটি যন্ত্রও জব্দ করা হয়।
অভিযান চলাকালে গ্রেপ্তার হওয়া ইসতিয়াক আহমেদ প্রথম আলোকে বলেন, এসব খাদ্যপণ্য তৈরির অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে অনুমোদনের কাগজপত্র হাতে পাওয়া যাবে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায়, ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।