ভেজালবিরোধী অভিযানে ১২ লাখ টাকা জরিমানা
যেখানে মিষ্টি তৈরি করা হয়, তার পাশেই চলে ধোয়ামোছার কাজ। যে ট্রেতে তৈরি মিষ্টি রাখা হয়েছে, তার পাশে একই রকম ট্রেতে দেখা গেল রান্নার জন্য মাছ ধুয়ে রাখা। নোংরা মেঝেতে মিষ্টির সিরার কয়েকটি পাত্র পড়ে আছে, একটিতে ভাসছে তেলাপোকা। এ রকম পরিবেশে চলছে সেমাই, লাড্ডু, রসগোল্লাসহ কয়েক পদের মিষ্টি বানানোর কাজ।
এমন নোংরা পরিবেশের কারণে গতকাল বুধবার সকালে খাবার তৈরির প্রতিষ্ঠান খাজানা মিঠাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনটি অভিযোগে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারখানার ব্যবস্থাপককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে গতকাল বেলা সোয়া ১১টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়ার বাবলি মসজিদ এলাকায় এই অভিযান শুরু হয়। দেড় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। তিনি বলেন, খাজানা মিঠাই যেসব পণ্য উৎপাদন করছে, সেগুলোর কোনোটিরই লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই ১১ মাস ধরে বিএসটিআইয়ের সিল ব্যবহার করে তারা এগুলো উৎপাদন করছে।
খাজানা কারখানার ব্যবস্থাপক বাদশা ফয়সাল দাবি করছেন, তাঁরা গত রমজান মাসে বিএসটিআইয়ে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনো তাঁদের লাইসেন্স নবায়ন করা হয়নি। তিনি বলেন, ‘আমরা কখনো কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ করিনি। এখন ম্যাজিস্ট্রেট স্যার যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন।’
অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিচালক (সার্টিফিকেশন মার্কস) এস এম ইসহাক আলী, মহাপরিচালক সাইফুল হাসিব।
সাইফুল হাসিব গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি খাজানা মিঠাই দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে। তাদের এখানে যে পণ্য উৎপাদন করার কথা, তারা তা সাব-কনটাক্ট দিয়ে অন্যখানে উৎপাদন করছে। এটি অবৈধ।’ তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি, লাইসেন্স নবায়ন করতে।’
এদিকে বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে নাজিমউদ্দিন সড়কে আরেকটি ভেজালবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে খাওয়ার অনুপযোগী সবজি দিয়ে ইফতারসামগ্রী তৈরি করা এবং নোংরা পরিবেশে রান্না করার দায়ে হোটেল ক্যান্ডেল লাইট অ্যান্ড রেস্টুরেন্টের মালিক স্বপন চৌধুরীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়া খোলা বিস্কুট বিক্রির অভিযোগে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে গতকাল কেরানীগঞ্জের বরিশুর বাজারের একটি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বনশ্রী ফুড, রুচি, খাজানাসহ বিভিন্ন ব্র্যান্ডের সেমাই, চানাচুর ও সরিষার তেল পাওয়া যায়। পরে কারখানার মালিক সমরেশ বর্মণকে এক লাখ টাকা জরিমানা, তা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
এদিকে বিএসটিআই লাইসেন্স ছাড়া পানি বাজারজাত করায় এররা পিওর ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপক আতিকুর রহমানকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে স্বস্তি পিওর ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপক মামুন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।
নোংরা পরিবেশে ইফতারি তৈরির দায়ে পুরান ঢাকার দুটি রেস্তোরাঁকে চার লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। ডিএমপি সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার জয়কালী মন্দির সড়কের হোটেল সুপার লিমিটেডে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত নোংরা পরিবেশে খাবারের অনুপযোগী তেল ব্যবহার করে ইফতারি তৈরি করার দায়ে রেস্তোরাঁর মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন। একই অপরাধে ওই ভ্রাম্যমাণ আদালত কাপ্তান বাজারের প্রিন্স রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করেন।