একটি চক্র পুলিশের সহায়তায় ভেজালবিরোধী অভিযানের নামে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গতকাল বুধবার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় চাঁদাবাজির সময় ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানের পরিদর্শক আব্দুর রশীদ, সহকারী পরিদর্শক মনির হোসেন, মাহমুদুল হাসান ও শহীদুল ইসলাম এবং চালক ঠান্ডু শেখ।
ধামরাই থানার পুলিশ ও ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের কর্মকর্তা পরিচয়ে আব্দুর রশীদ, মনির হোসেন, মাহমুদুল হাসান ও শহীদুল ইসলাম গতকাল বেলা তিনটার দিকে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর রায়কে সঙ্গে নিয়ে ঢুলিভিটা এলাকার মক্কা-মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লাকী সুইট অ্যান্ড ফাস্ট ফুড ও লাকুরিয়া পাড়ার তিতাস বেকারিতে অভিযান চালান। এ সময় তাঁরা মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে জরিমানার নামে প্রতিষ্ঠান দুটি থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু কোনো রসিদ দেওয়া হয়নি।
জরিমানার নামে টাকা আদায়ের পর কোনো রসিদ না দেওয়ায় সেখানে উপস্থিত স্থানীয় এক সাংবাদিকের সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রথম আলোর এই প্রতিবেদককে জানান। পরে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীমের নির্দেশে ধামরাই থানা-পুলিশ তাঁদের আটক করে থানায় নেয়।
লাকী সুইট অ্যান্ড ফাস্ট ফুডের মালিক তারক নাথ ঘোষ বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগ তুলে প্রতারকেরা তাঁর প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের টাকা জরিমানার হুমকি দেয়। এরপর দর-কষাকষির পর ১১ হাজার টাকা দিলে একটি ফরমে নাম-ঠিকানা লিখে তারা চলে যায়। তিনি বলেন, তাদের আচরণে সন্দেহ হলেও পুলিশ থাকায় ভয়ে টাকা দিতে বাধ্য হন তিনি।
মক্কা-মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় চার হাজার টাকা। ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানার হুমকি দেওয়া হয়েছিল। এই রেস্তোরাঁর মালিক হাবিবুর রহমান বলেন, অভিযানের সময় পুলিশ থাকায় তাঁরা প্রতারণার বিষয়টি আঁচ করতে পারেননি। তিতাস বেকারির মালিক বিল্লাল হোসেন বলেন, জেলের ভয়ে তিনি ২০ হাজার টাকা দিয়ে প্রতারকদের সঙ্গে আপস করতে বাধ্য হন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন নামে এই প্রতিষ্ঠানটির কার্যালয় রাজধানীর পুরানা পল্টনে। ভোক্তা অধিকার রক্ষায় দুটি টেলিভিশন চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান তৈরির জন্য পরিদর্শক ও কলাকুশলীদের নিরাপত্তায় পুলিশি সহায়তা প্রদানে পুলিশের প্রধান কার্যালয়ের একটি অনুমতিপত্র রয়েছে তাদের। মূলত এই অনুমতিপত্র দেখিয়ে প্রতারকেরা দেশব্যাপী পুলিশের সহায়তায় চাঁদাবাজি করছে।
গতকাল সাভারের বিভিন্ন এলাকার খাবারের হোটেল ও বেকারিসহ ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। এর আগে মঙ্গলবার আশুলিয়ার বাইপাইল ও নবীনগর থেকেও একই কায়দায় টাকা হাতিয়ে নেয় তারা।
আব্দুর রশীদ পুলিশের সহায়তায় জরিমানার ভয় দেখিয়ে টাকা আদায়ের কথা স্বীকার করেছেন।
সাভার মডেল থানার এসআই আবদুল মান্নান বলেন, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের কর্মকর্তারা জরিমানার নামে হেমায়েতপুর ও আমিনবাজার এলাকার ছয়টি খাবারের হোটেল ও বেকারি থেকে টাকা আদায় করেন। থানার অপারেশন কর্মকর্তা এসআই নাজমুল হুদা খানের নির্দেশে তিনি অভিযানে অংশ নেন। তবে তাঁরা ভুয়া না আসল তা খতিয়ে দেখতে পারেননি তিনি।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।