ভেড়ামারায় পানের বরজ থেকে যুবদল নেতার লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পুরাতন চণ্ডীপুর গ্রামের পানের বরজ থেকে কিসমত আলী (৩২) নামের যুবদলের এক নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
কিসমত আলী চাঁদগ্রাম ইউনিয়নের পুরাতন চণ্ডীপুর গ্রামের আবদুস শুকুরের ছেলে। তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত কিসমতের পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয় বাজার থেকে কিসমত বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে আর তিনি বাড়ি ফেরেননি। আজ বেলা ১১টার দিকে পুরাতন চণ্ডীপুর গ্রামের বাড়ির পাশেই মাঠে একটি পানের বরজের ভেতর স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সেখানে কিসমতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
খবর পেয়ে দুপুরে ভেড়ামারা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আশিষ বিন হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিসমতকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তাঁর গলায় দড়ি দিয়ে পেঁচানোর চিহ্ন আছে। তবে তাঁর কোনো শত্রু ছিল না বলে পরিবার থেকে দাবি করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, কিসমত কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।