ভেতর থেকে গুলি ও বিস্ফোরক ছুড়েছে আরেক 'জঙ্গি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আশকোনার একটি বাড়ি ঘিরে অভিযান চলাকালে এক নারী বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁর রক্তাক্ত দেহ পড়ে আছে। ছবি: প্রথম আলো
রাজধানীর আশকোনার একটি বাড়ি ঘিরে অভিযান চলাকালে এক নারী বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁর রক্তাক্ত দেহ পড়ে আছে। ছবি: প্রথম আলো

গ্রেনেড বিস্ফোরণ ঘটানো জঙ্গি নারী মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ভেতরে থাকা আরেক ‘জঙ্গি’ বিস্ফোরক ও গুলি ছুড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি করেছে। এরপরে ভেতর থেকে আর কোনো শব্দ আসেনি। ভেতরে থাকা ‘জঙ্গি’ জীবিত না মৃত, তা নিশ্চিত নয় পুলিশ।

আজ শনিবার বেলা তিনটার দিকে এক ব্রিফিংয়ে এসব কথা জানান, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলামের ভাষ্য, বেলা পৌনে তিনটার দিকে ভেতর থেকে আরেক ‘জঙ্গি’ গুলি ছোড়ে এবং গ্রেনেড বিস্ফোরণ করে। তিনি কী অবস্থায় আছেন, তা বোঝা যাচ্ছে না। বাইরে থেকে দেখা যাচ্ছে, ঘরের ভেতর বিস্ফোরক ছড়িয়ে আছে। এর আগে ওই জঙ্গি আজিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরির ছেলে বলে জানিয়েছিল পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক ঘটনাস্থলে গেছেন।

দুপুর সাড়ে ১২টার পরে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, বাড়িটির নিচতলায় ‘জঙ্গি আস্তানা’ রয়েছে। দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটান এক নারী ‘জঙ্গি’। এ সময় তাঁর সঙ্গে এক শিশুও ছিল। আহত শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) শফিক সামান্য আহত হন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ৩ ইউনিটের আট সদস্যের একটি দল বাড়িটির দিকে গেছে।

এর আগে দুই শিশুকে নিয়ে দুই নারী আত্মসমর্পণ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

আরও পড়ুন: