ভেতরে জাল ভোটের খবরে বাইরে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল শনিবার এক সদস্য পদপ্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রের কাছে উত্তর চান্দলা বাজারে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তাপস চন্দ্র দাস (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, কর্তব্যে অবহেলার জন্য ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ব্রাহ্মণপাড়ার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের শিক্ষক বিনয় ভূষণ নাথসহ সাতজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়।
প্রিসাইডিং কর্মকর্তা বিনয় ভূষণ নাথ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যালট পেপার ছিনতাই করে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছিল। একই সঙ্গে মেম্বাররাও নিজ নিজ প্রতীকে সিল মারছিলেন। ওই ঘটনার জের ধরে বাইরে সংঘর্ষ হয় ও একজন মারা যান। আমাদের কর্তব্যে অবহেলার জন্য থানায় নিয়ে আসা হয়। এ কেন্দ্রের ভোট গ্রহণও স্থগিত হয়।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রের ভেতরে সদস্য পদপ্রার্থী মোরগ প্রতীকের মো. রেজাউলের পক্ষে ব্যালটে সিল মারার খবর বাইরে ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ১০টায় উত্তর চান্দলা বাজারে অপর সদস্য প্রার্থী নলকূপ প্রতীকের সুলতান আহমেদের সমর্থকদের সঙ্গে রেজাউলের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় রেজাউলের সমর্থক তাপস চন্দ্র দাসকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা তাপসের বুকের বাম পাশে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাপসের বাড়ি উত্তর চান্দলা গ্রামে। তিনি ওই গ্রামের কানু চন্দ্র দাসের ছেলে। তাঁর স্ত্রী ও চার সন্তান রয়েছে। তিনি উত্তর চান্দলা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উত্তর চান্দলা গ্রামের বাসিন্দা আলী আকবর বলেন, নিহত তাপস আওয়ামী লীগের কর্মী ছিলেন। দুই সাধারণ সদস্যও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। এ বিষয়ে থানায় হত্যা মামলা করা হবে। পরিবারের সদস্যরা এলেই মামলা নেওয়া হবে।