ভেতরে পাঠদান, মাঠে হাট

নওগাঁর বদলগাছি উপজেলার গোবরচাপা হাট উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সপ্তাহে দুদিন হাট বসায় ৯০৪ জন শিক্ষার্থীর পাঠদানে বিঘ্ন ঘটছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাটের ইজারাদার হওয়ায় স্থানীয় প্রশাসন হাট বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের দপ্তর থেকে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে ৩০৪ জন ও উচ্চবিদ্যালয়ে ৬৩৬ জন পড়াশোনা করছে। ২০০৯ সাল থেকে বিদ্যালয়ের মাঠে হাট বসছে। গত সোমবার সকালে সরেজমিন দেখা যায়, পাশাপাশি দুটি বিদ্যালয়। সীমানাপ্রাচীর না থাকায় একটি মাঠই দুটি বিদ্যালয় ব্যবহার করে। মাঠের পশ্চিমে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর উত্তর-দক্ষিণে উচ্চবিদ্যালয়ের অবস্থান। দুটি বিদ্যালয়ের মাঠজুড়ে কাঁচা তরিতরকারির পাইকারি হাট বসেছে। ক্রেতা-বিক্রেতায় সরগরম মাঠজুড়ে চলছে কেনাবেচা। ট্রাক, ভটভটি ও ভ্যানে করে মালামাল আনা-নেওয়া করা হচ্ছে। সকাল সাড়ে নয়টার পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে শুরু করে। হাটে মানুষের ভিড় ঠেলে তারা বিদ্যালয়ে ঢোকে।
দুই বিদ্যালয়ের অন্তত ২০ জন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহের শুক্র ও সোমবার এই হাট বসে। এই দুদিন ভোর থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা। শুক্রবার ছুটির দিন হওয়ায় সমস্যা হয় না। সোমবার ঠিকমতো ক্লাস হয় না। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না।
গোবরচাপা হাট উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সোমবার হাটের দিন ৬৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ২০০ থেকে ২৫০ জন উপস্থিত থাকে। বিদ্যালয় মাঠে হাট-বাজার বন্ধের অনেক পদক্ষেপ নেওয়া হলেও কাজ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী বলে, হাটের কারণে বিদ্যালয় মাঠটি নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে তাদের খেলাধুলা ও অ্যাসেমব্লি বন্ধ।
অভিভাবকেরা অভিযোগ করেন, মাঠে হাট বসানোর সুযোগ দিয়ে বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি প্রতিবছর মোটা অঙ্কের টাকা নেয়। হাটের ইজারাদার আবদুর রহমান মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় প্রশাসন বিদ্যালয় মাঠের হাট বন্ধের কোনো উদ্যোগ নেয়নি।
গোবরচাপা হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, ২০০৯ সাল থেকে বিদ্যালয় মাঠে হাট লাগছে। হাটের ইজারাদার প্রথম দিকে মাঠ ভাড়া ২০ হাজার টাকা দিয়েছিলেন। এখন ইজারাদারের কাছে সরাসরি টাকা নেওয়া হয় না।
গোবরচাপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, হাট বসানো কেউ বন্ধ করতে পারেনি। তবে বিদ্যালয়ের প্রয়োজনে কোনো কিছু দাবি করলে হাটের ইজারাদার আবদার রাখেন।
ইজারাদার আবদুর রহমান বলেন, তিনি চলতি বছর হাটটি প্রায় ৩১ লাখ টাকায় ইজারা নিয়েছেন। হাটের জায়গা না থাকায় বিদ্যালয় মাঠে হাট বসানো হয়। এ কারণে প্রতিবছরই দুটি বিদ্যালয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। বিদ্যালয় মাঠে হাট-বাজার লাগানোর কারণে লেখাপড়ার কোনো অসুবিধা হয় না বলে তিনি দাবি করেন।
বদলগাছির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত বলেন, শিগগিরই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।