সন্ধ্যার পর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞার পর মাদকের ‘আসর’ বসছে ফুটপাতে। শাহবাগ থেকে তিন নেতার মাজার পর্যন্ত উদ্যানের পাশ ধরে দেদার মাদক সেবন চলছে। আর মাদক বিক্রি হচ্ছে উদ্যানের ভেতর থেকেই।
গতকাল রোববার সন্ধ্যা ও আগের দিন রাতে শাহবাগ থেকে দোয়েল চত্বর এলাকা ঘুরে এ চিত্র পাওয়া গেছে। দেখা গেছে, আশপাশেই পুলিশের সদস্যরা দায়িত্বরত থাকলেও তাঁরা উদ্যান থেকে লোকজনকে বের করে দেওয়ার পর আর কিছু করছেন না।
গতকাল সন্ধ্যায় চারুকলা অনুষদের বিপরীত পাশে ফুটপাত ধরে বিশ্ববিদ্যালয় এলাকার দিকে ঢুকতেই বাতাসে গাঁজার গন্ধ টের পাওয়া যায়। এর উৎস খুঁজতে গিয়ে দেখা গেল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের উল্টো পাশে পাঁচ-ছয়জনের জটলা। একটি ‘সিগারেট’ সবার হাতে হাতে ঘুরছে। সেখান থেকেই ছড়াচ্ছে গাঁজার গন্ধ।
আর একটু সামনে এগোতেই দেখা গেল, মধ্যবয়সী এক ব্যক্তি সোহরাওয়ার্দী উদ্যানের গ্রিল ধরে ভেতরের দিকে কারও সঙ্গে কথা বলছেন—‘এত দাম কেন?’ অপর পাশ থেকে সাদা জামা পরিহিত এক নারীর উত্তর—‘ঝামেলা চলতাসে, বুঝেন না মামা?’ বলে তিনটি ‘পুঁটলি’ এগিয়ে দিলেন সামনে। সেটা নিয়ে হাঁটা ধরলেন তিনি। কয়েক কদম সামনে গিয়েই তিনি যোগ দিলেন ফুটপাতের ওপর বসা আরেক ‘আসরে’। একই সময়ে রাজু ভাস্কর্য পর্যন্ত অন্তত সাতটি ‘আসর’ চোখে পড়ে।
আগের দিন রাত সাড়ে আটটা থেকে মধ্যরাত পর্যন্ত শাহবাগ থেকে তিন নেতার মাজার পর্যন্ত মাদকসেবীদের আনাগোনা চোখে পড়ে। অথচ রাজু ভাস্কর্যের সামনে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল।
গত সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের সন্ধ্যা ছয়টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে মানা করে দেওয়া হয়। এর আগেই পুলিশের পক্ষ থেকে উদ্যান থেকে সন্ধ্যা সাতটার আগে বের হতে বলা হয়।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক জাফর আলী এ সিদ্ধান্তের পেছনে অনেক কারণের পাশাপাশি মাদকের ব্যবহার কমানোর কথাও স্বীকার করেন। তিনি বলেন, ‘উদ্যানে প্রবেশ বন্ধ করে দেওয়ার পর বাইরেই মাদক সেবন চলছে, এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা আজ (গতকাল) উদ্যানে অতিরিক্ত কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করেছি। ভেতরের লোকজন বের করে আনার পর বাইরেও অভিযান চালানো হবে।’