ভেষজ বীজ বিক্রির নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার অভিযোগে গত বুধবার রাতে চার নাইজেরিয়ানসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব। এই চক্রটি অন্তর্জালে মানুষের সঙ্গে যোগাযোগ করে ভেষজ বীজ বিক্রির নামে প্রতারণা করে আসছিল বলে র‍্যাব জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সৈয়দ তাসলিম সাদাত ওয়াসতি (২০), সায়েমা সাইদুর ওরফে বৃষ্টি ওরফে সোনিয়া (২৪), নাইজেরিয়ান নাগরিক মাদুবুকে অনিয়াকাচি (২৬), নওসু চিমিজি আলবিনুস (৪৫), ওপারা ম্যাকডোনাল্ড ও মাদুবুকে ক্রিশ্চিয়ান উচেনা (৩০)। গতকাল বৃহস্পতিবার র‍্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মেহেদি হাসান নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব এই চক্রটিকে ধরতে পারে। মেহেদি র‍্যাবকে জানান, গত মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে চক্রটির কয়েক সদস্যের সঙ্গে তাঁর পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে ওই নাইজেরিয়ানরা মেহেদিকে ভেষজ বীজের ব্যবসা করার প্রস্তাব দেন। বীজ কেনার পরে আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারকদের কাছে বেচতে গিয়ে মেহেদি জানতে পারেন, এগুলো সবই ভুয়া।